বেনাপোলে পৃথক অভিযানে নারী-পুরুষ ও শিশুসহ ৫৪ জন অনুপ্রবেশকারী আটক

ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর যশোর বেনাপোল শিকড়ী বটতলা ও দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে ৫৪ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

বুধবার (২০ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৪ জন পুরুষ,১৬ জন নারী ও ১৪ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বাড়ি, যশোর, খুলনা, বাগেরহাট,নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে আসে।২১ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন,পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বিপুল সংখ্যক লোক বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে।

এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করে।এদিকে,অপর অভিযানে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এক পাচারকারীসহ ২৯ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশকারী মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর