সিরাজগঞ্জে মেডিকেল ট্রেনিং স্কুলে (ম্যাটস) এর অধ্যক্ষ ডা. মোহাঃ শাহ্জাহান আলীসহ ৭দফা দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হচ্ছে- অবিলম্বে আমানবিক অধ্যক্ষের অপসারণ, প্রতিষ্ঠানিক ও ক্যাম্পাসে সকল ক্ষেত্রে ছাত্রী-ছাত্রীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন,কোর্স কারিকুলাম অনুযায়ী পর্যাপ্ত ক্লাসের ব্যবস্থা, স্টাফদের দূর্নীতি অত্যাচার ও নির্যাতন বন্ধ, হোস্টেলে খাওয়ার মান উন্নয়নসহ ক্যাম্পাসে ক্যান্টিনের ব্যবস্থা, বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে না দেয়া ও ইন্টার্নী ছাত্র-ছাত্রীদের হোস্টেলে সরকারি ভাবে থাকার ব্যবস্থা করার দাবিতে এ বিক্ষোভ করে ম্যাটস শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম, মো. ইউনুস ও সাব্বির সরকার বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ঠিক ভাবে পাঠদান করানো হয়না। যেখানে ৮ মাসে একটি বিষয়ে ৩০-৩৪ টি ক্লাস নেয়ার কথা সেখানে মাত্র ২টি ক্লাস নেয়া হয়। এছাড়া অধ্যক্ষ ভাইভা পরীক্ষায় ফেল করানোর ভয় দেখান বলে জানান শিক্ষার্থীরা।
এ ব্যাপারে সিরাজগঞ্জে মেডিকেল ট্রেনিং স্কুল’র (ম্যাটস) অধ্যক্ষ ডা. মোহাঃ শাহ্জাহান আলী বলেন, আমি গত মাসের ২৩ অক্টোবর যোগদান করেছি। শিক্ষার্থীরা এসব অভিযোগের বিষয়ে আগে কখনও বলেনি। তবে শিক্ষার্থীদের সাথে বসে বিষয়টা সমাধান করা হবে।
এদিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তবে শিক্ষার্থীরা যে অভিযোগ গুলো করেছে সে বিষয়ে অধ্যক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।
বার্তাবাজার/ডব্লিওএস