সিরাজদিখানে নির্মাণকাজে ধীরগতি, জনদুর্ভোগ চরমে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাকা রাস্তা উন্নতকরণ নির্মাণকাজে ধীরগতির কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে। কাজে ধীরগতির ব্যাপারে ওয়াহিদ কন্সট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনসাধারণ ও জনপ্রতিনিধিরা মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে অভিযোগ তুলে ধরলেও কাজের গতি বাড়েনি।

জানা গেছে, সিরাজদিখান থেকে ইমামগঞ্জ নিমতলা পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তার সংস্কারকাজ এবং দানিয়াপাড়া আরাফাত হাসপাতাল থেকে উপজেলা মোড় পর্যন্ত রশুনিয়া চকের ব্রিজ, সিংগারডাক এলাকার ব্রিজ, পাকা রাস্তা নির্মাণ উন্নতকরণ কাজের ধীরগতির কারণে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে ওয়াহিদ কনস্ট্রাকশনের ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার ইনচার্জ অলি আহম্মেদ জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে, তবে নির্মাণকাজের জন্য জনবল সংকটের কারণে কাজে বিলম্ব হচ্ছে। জনগণের চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন করা যাচ্ছে না।

গতকাল দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, গত আট মাসে যেমন কাজের গতি থাকার কথা তেমন অগ্রগতি হয়নি,তবে জায়গায় জায়গায় খোঁড়াখুঁড়ি এবং মাটি ভরাট করে দু’দিক ইট বিছানো প্রায় শেষ। রোলার দিয়ে ডলাডলি চলছে কোনমতে। ইতোমধ্যে ভারি, মাঝারি এবং হালকা যান চলাচল স্বাভাবিকভাবে চলাচল করতে শুরু করেছে। যান চলক জানান, বিগত ৮ মাস যাবত কাজ চলায় এই রুটে চলাচলরত মানুষ এখন পুরোপুরি অতিষ্ঠ তাই আমরা পিচ ডালাই এর অপেক্ষায় থাকিনি।

উপজেলা প্রশাসন থেকে দ্রুত কাজ শেষ করার জন্য তাগাদা দেয়া হলেও তা কর্ণপাত করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। নিমতলা থেকে সিরাজদিখান রাস্তাটি দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, সিএনজি, পিকআপ ভ্যান, মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন চলাচল করে।

এসব যানবাহন প্রয়াই দুর্ঘটনায় কবলিত হচ্ছে। উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ জানান, রাস্তার কাজ ধীরগতিতে চলার কারণে আমরা খুবই সমস্যায় পড়েছি। প্রায় ৮ মাস ধরে রাস্তার কাজ চলছে কিন্তু শেষ হওয়ার লক্ষণ নেই। মালামাল আনতে ও এই রাস্তায় চলাচল করতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর