সাভারে ডিবির অভিযানে ৩৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ৩৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এজাহারভুক্ত মাদক ব্যবসায়ী আটক করেছে। বুধবার (২০ নভেম্বর) ঢাকার সাভারের আড়াপাড়া এলাকা থেকে মোঃ বিল্লাল হোসেন ওরফে হেলাল উদ্দিন (২৪) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানার তুলাতলী ৭ নং ওয়ার্ডের পূর্ব দরগার বিল এর মোঃ আবুল কালাম এর ছেলে। সে ঢাকার সাভার মডেল থানাধীন আড়াপাড়া এলাকার একেএম জসিম উদ্দিনের ভাড়াটিয়া বলে জানা যায়।

এব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকার জনৈক একেএম জসীম উদ্দিনের বিল্ডিং এর চতুর্থ তলার মাঝখানের ফ্ল্যাটের ভাড়াটিয়া মোঃ বিল্লাল হোসেন ওরফে হেলালউদ্দিনের কক্ষে কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একত্রীত হয়েছে।

পরে আমার নিয়ন্ত্রণাধীন কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ জুলফিকার হায়দার ও মোঃ হাসানুজ্জামান সহ অন্যান্যদের নিয়ে অভিযান পরিচালনা করি। এসময় উক্ত স্থানে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে পলায়ন চেষ্টাকালে ১জনকে আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়।

পরে আটক হেলাল উদ্দিনের কক্ষ তল্লাশী করে তার খাটের উপর তোষকের নিচে ১৯ টি পলিপ্যাক জিপারে রাখা ৩৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবাগুলোর ওজন আনুমানিক ৩৭০ গ্রাম যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ১০ হাজার টাকা।

ডিবি (উত্তর) এর এই চৌকস অফিসার ইনচার্জ আরও জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সাভারের বিভিন্ন জায়গায় সে বিক্রী করে আসছিলো। মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় ধৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ডিবি (উত্তর) এর সূত্র মোতাবেক, গ্রেপ্তারকৃত আসামীর নাম ঠিকানা সিডিএমএস এ পর্যালোচনা করে দেখা গেছে, বান্দবান এর নাইক্ষ্যংছড়ি থানার এফআইআর নং- ১০/৭৫, তারিখ ২৮ আগস্ট, ২০১৭, জিআর নং- ২৯৬/১৭, তারিখ ২৯ আগস্ট, ২০১৭, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ) মামলার সে এজাহার ভুক্ত আসামী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর