মাদক মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
বুধবার, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জামিন আবেদনের শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় আসিফ আকবরের জামিন মঞ্জুর করেন।
গত ২৩শে জুলাই, কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার।
উল্লেখ্য, গত বছরের ৫ই জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। এ সময়, তার অফিস তল্লাশি করে চার বোতল বিদেশি মদ পায় পুলিশ। পরে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। এরপরই, তার বিরুদ্ধে অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
গত ১৩ই নভেম্বর, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসিফের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জামাল হোসেন।
বার্তাবাজার/কে.জে.পি