জার্মানির কুখ্যাত নাৎসি পার্টির নেতা অ্যাডলফ হিটলার অস্ট্রিয়ার যে বাড়িতে জন্মেছিলেন তা এখন থেকে পুলিশ স্টেশন হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভল্ফগ্যাং পেশরন জানান, ভবনটি নাৎসিবাদের কোনো স্মৃতি বহন করছে এরকম ভাবা ভুল হবে। আর এই ভবন কখনোই সমাজতান্ত্রিক জাতীয়বাদের স্মৃতিচিহ্ন হিসেবে ব্যবহৃত হতে দেয়া হবে না।
১৮৮৯ সালের ২০শে এপ্রিল ব্রাউনাউ আম ইন শহরের ওই বাড়িটিতে জন্ম নেন হিটলার। ভবনটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ভবনটি দেখতে কট্টরপন্থী হিটলার সমর্থক পর্যটকদের ভিড় লেগেই থাকে। পর্যটকদের ভিড় ঠেকাতে কয়েক দশক ধরে ভবন মালিকের কাছ থেকে ভবনটি ভাড়া নিয়ে রাখে অস্ট্রিয়া সরকার।
এর আগে, বাড়িটি প্রতিবন্ধীদের জন্য দিবাযত্ন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। পরে ভবনের মালিক সেটি বন্ধ করে দেন। এমনকি সরকারের দেয়া সব ধরনের প্রস্তাবই ফিরিয়ে দেন ভবন মালিক। এবার সেখানেই থানা পুলিশ স্টেশন হবে বলে জানালেন অস্ট্রিয়া সরকার।
বার্তাবাজার/কে.জে.পি