গুজব ঠেকিয়ে লবণের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে প্রশাসন। মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় শতাধিক দোকানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। আটক করা হয় কমপক্ষে ৫০ জনকে।
হঠাৎ করেই লবণ সঙ্কটের গুজবে দাম বাড়াতে থাকেন অনেক অসাধু ব্যবসায়ী। এর পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নেয় সরকার। গুজব ঠেকিয়ে লবণের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা-উপজেলায় বাজার মনিটরিংয়ে নামে স্থানীয় প্রশাসন। কোথাও কোথাও মঙ্গলবার দিনভর চলে মাইকিং। দুপুরের পর থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে মধ্যরাত পর্যন্ত।
মঙ্গলবার রাতে লালমনিরহাটের বাজারে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। এ সময় বেশি দামে লবণ বিক্রির অপরাধে ১১ ব্যবসায়ীকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনকে এক বছর, চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অপর চারজনকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত জয়পুরহাটের আক্কেলপুর, কালাইসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় লবণের দাম দিয়ে কারসাজিতে ১৪ ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
লবণ নিয়ে গুজব রোধ ও দাম নিয়ন্ত্রণে সাতক্ষীরায় দিনভর অভিযান চালায় জেলা প্রশাসন। দাম বৃদ্ধির অভিযোগে আটক হন ১২ ব্যবসায়ী। এদের মধ্যে ৫ জনকে এক মাস করে কারাদণ্ড এবং অপর সাতজনকে জরিমানা করা হয়।
এছাড়া যশোর, কুড়িগ্রাম, নরসিংদী, চাঁদপুর, পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার দিনভর অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। লবণের দাম বৃদ্ধির অভিযোগে অনেক ব্যবসায়ীকে আটকের পর জেল-জরিমানা করা হয়।
এদিকে লবণ নিয়ে গুজব ঠেকাতে নাটোরে জরুরি সভা করে জেলা প্রশাসন। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ছাড়াও ব্যবসায়ী, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় অতিরিক্ত লবণ মজুদ বন্ধে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
বার্তাবাজার/কে.জে.পি