গুজবে শেরপুরের লবণের বাজার দ্বিগুণ, ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর জেলার সকল উপজেলাতে গুজব ছড়িয়ে লবণের বাজার স্বাভাবিক মূল্য থেকে দ্বিগুণ করেছে দোকানীরা। এতে করে সাধারণ ভোক্তাদের ৫ কেজি থেকে শুরু করে ২৫ কেজি পর্যন্ত লবণ ক্রয়ের হিড়িক পরে। ১৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে শ্রীবরদী পৌর শহর, ঝিনাইগাতী উপজেলা শহর এবং সন্ধ্যায় শহরের নয়ানী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

এসময় লবণের অতিরিক্ত মূল্য রাখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নয়ানী বাজারের আড়ৎদার ও মুদিদোকানসহ মোট ৩ জনকে ১৮৫০০ টাকা জরিমানা করে । সেইসাথে অন্যান্য আড়ৎদার, মুদিদোকান ও সাধারণ জনগণকে এব্যাপারে সচেতন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়, ডিএম সাদিক আল শাফিন।

অপরদিকে, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতেও গুজব ছড়িয়ে লবণের বাজার স্বাভাবিক মূল্য থেকে দ্বিগুণ করেছে দোকানীরা। এতে করে সাধারণ ভোক্তাদের ৫ কেজি থেকে শুরু করে ২৫ কেজি পর্যন্ত লবণ ক্রয়ের হিড়িক পড়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার বিকেল থেকে শ্রীবরদী পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে দ্বিগুণ মূল্যে লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। পরে উত্তর বাজারের মুদি দোকানী জিয়ার আলীর দোকানে গিয়ে দেখা যায় তিনি ১৪ টাকা কেজির মোটা লবণ বিক্রি করছেন ২৮ টাকা কেজি দরে। এছাড়া, অনেক দোকানীই বেশি দামে লবণ বিক্রি করেছে বলে এমন অভিযোগ রয়েছে।

খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান জিসান, স্যানেটারী ইন্সপেক্টর মাসুদুর রহমান বাজার মনিটরিং করেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান জিসান পাইকারী লবণ ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেন এবং দোকানের সামনে লবণের খুচরা মূল্যের বিক্রির চাট লাগিয়ে দেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা গুজবে কান দিবেন না, বাজারে লবণের কোন প্রকার সংকট নেই।

একইভাবে, ‘২০০ টাকা হবে লবণের কেজি’ এমন গুজবে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে লবণ কেনার হিড়িক পড়েছে। বাজারের প্রায় অর্ধশতাধিক পাইকারি ও খুচরা দোকানে লাইন দিয়ে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের লবণ কিনতে দেখা গেছে। তবে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে নামতে হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১৯ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলায় লবণের কেজি ২০০ টাকা হবে এমন গুজব ছড়িয়ে পড়ে নানা শ্রেণি পেশা মানুষের মাঝে। এ কারণে ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুর থেকে সদর বাজারে লবণের ডিলার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতাদের দোকানে লবণ কেনার জন্য ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ দাম নিয়ন্ত্রণে রাখার জন্য মাঠে নামেন। হঠাৎ করে এভাবে লবণ কেনার কারণে অনেক ডিলার বা পাইকারি ব্যবসায়ীরা বলেন, কিছু অসাধু ব্যক্তি গুজব ছড়িয়ে এধরনের ঘটনা ঘটিয়েছে।

অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে ২ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ। এসময় ব্যবসায়ীরা জানায়, আমরা পূর্বের দামেই লবণ বিক্রি করবো বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে এমন স্বীকারোক্তি দেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর