এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একসময় বাংলাদেশকে বলা হতো ‘তলাবিহীন ঝুলি’। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জার তাচ্ছিল্যো করে একথা বলেছিলেন। সেই বাংলাদেশ আজ উদ্বৃত্ত ঝুলিতে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সময় অতিক্রান্ত করছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতিমেধ্যই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে এসময় তিনি বলেন, দেশে এখন আর ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। যারাও আছে তারা পাঁচ টাকার নিচে ভিক্ষা নেয় না।
তিনি বলেন, বিশ্বব্যাংক, এডিবি, জাতিসঙ্ঘসহ উন্নয়ন সহযোগীরা এখন সব দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে বলে। একটি স্বল্পোন্নত দেশকে তিনি মাত্র ৫/৭ বছরেই উন্নয়নশীল দেশে পরিণত করেছেন।
তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি দিনক্ষণ নির্ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
বার্তাবাজার/এইচ.আর