এনআইডি জালিয়াতি কান্ডে ইসির কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

অবৈধভাবে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অপরাধে গ্রেফতার চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনের অফিস সহকারী নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এ আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল (সোমবার) দুপুরে এনআইডি কার্ড জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী নাজিম উদ্দিনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেফতারের পর এনআইডি জালিয়াতি চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নাজিম উদ্দীনকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘মিয়ানমার হতে রোহিঙ্গারা দেশে ঢুকার পর নির্বাচন কমিশনের বেশ কিছু অসাধু কমকর্তা কর্মচারি ও স্থানীয় দালালদের যোগসাজশে এনআইডি জালিয়াতির একটি বিরাট চক্র গড়ে উঠেছে। এ বিষয়ে ইতিপূর্বে অনেকজনকে গ্রেফতারও করা হয়েছে। তন্মধ্যে নাজিম উদ্দীন একজন। নাজিম উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের আবেদন জানালে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর