সরকার বাংলাদেশকে দাস শিবিরে পরিণত করছে: রিজভীবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তিতে সরকার বাধা দিচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমান্বয়ে অবনতি ঘটছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী পায়ে হেঁটে আদালতে যাওয়া বেগম জিয়ার হাত-পা এখন বেঁকে গেছে। খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রিজন সেলে বন্দি থাকায় হাত-পায়ের ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়েছে, জয়েন্টগুলোতে প্রচন্ড ব্যথার কারণে নিজে উঠে দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে বসতেও পারছেন না। এমনকি নিজের হাতে তুলে খেতেও পারছেন না। স্বাস্থ্যের এতোটাই অবনতি হয়েছে যে, তার অঙ্গ-প্রত্যঙ্গ পঙ্গু হওয়ার উপক্রম হয়েছে। দেশের প্রতিটি মানুষ তাদের প্রাণপ্রিয় নেত্রীর স্বাস্থ্যের অবনতিতে চরমভাবে উদ্বিগ্ন।
রিজভী বলেন, জনগণের সেন্টিমেন্ট অবজ্ঞা করে সরকার দেশের একজন জনপ্রিয় নেত্রীর জীবনকে নিঃশেষ করার সকল আয়োজনে ব্যস্ত রয়েছে। তার চিকিৎসার অধিকারটুকুও কেড়ে নেয়া হয়েছে। তার ন্যায্য প্রাপ্য জামিনে সরাসরি বাধা দেয়া হচ্ছে। নগ্নভাবে আদালতের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে। তার স্বাস্থ্য নিয়ে অসত্য সংবাদ পরিবেশন করতে বাধ্য করা হচ্ছে, যা এক ভয়াবহ ও সুদূরপ্রসারী চক্রান্তের বর্ধিত প্রকাশ।
রিজভী বলেন, এই সরকার বাংলাদেশকে দাস শিবিরে পরিণত করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাহস, সততা ও দৃঢ়তা দিয়ে প্রত্যক্ষ অন্যায় ও অবিচারকে মোকাবিলা করছেন। তার জামিনে কোনো বাধা দিবেন না। তার পছন্দমত হাসপাতালে তাকে সুচিকিৎসা নেয়ার সুযোগ দিতে হবে।
বার্তাবাজার/এইচ.আর