বগুড়ায় লবণের দাম নিয়ে গুজব

বগুড়ার নন্দীগ্রামে লবণের দাম বেড়ে গেছে এমন গুজব ছড়িয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। পেঁয়াজের মত লবণের দামও বেড়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়লে সাধারণ জনগণও লবণ কিনতে হুমড়ি খেয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নন্দীগ্রাম উপজেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত পৌরশহর ছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতার। তিনি ব্যবসায়ীদের গোডাউন তল্লাশি ছাড়াও দোকান গুলোতে লবণের খুচরা ও পাইকারি মূল্য তালিকা ঝুলানোর নির্দেশনা দেন।

লবণ কিনতে আসা হাফিজুর রহমান জানান, লোকের মুখে শুনেছি লবণের দাম বেড়েছে। বুধবার থেকে আরো কয়েকগুণ বাড়তে পারে-এই আশঙ্কায় আজকে অনেকে লবণ কিনে রাখছেন। পেঁয়াজের মতো লবণ সংকট দেখা দিতে পারে বলে তারা শুনেছেন। কিন্তু কার কাছে শুনেছে তা কেউ বলতে পারেন না।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, বেশ কয়েকজন ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়েছে। এছাড়া প্রতিটি বাজার মনিটরিং করা হচ্ছে। দোকান গুলোতে লবণের মূল্য তালিকা ঝুলানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর