টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাহাড়ি অঞ্চলের লাল মাটির পাহাড় কেটে বিক্রি করছে প্রাভাবশালী একটি চক্র। এলাকায় বাড়ি বানানোর নাম করে এই চক্র পাহাড়ের লাল মাটি ইটের ভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে একদিকে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা বাড়ছে, অন্যদিকে গ্রামীণ আ লিক রাস্তা ধ্বংস হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে মির্জাপুর উপজেলার পাহাড়ি অঞ্চলের টাকিয়া কদমার ভুইয়াপাড়া ও দিগলচালা এলাকায় বাড়ি বানানোর নাম করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। বড় বড় টিলা কেটে পাহাড়ের লাল মাটি স্থানীয় কয়েকটি ইট ভাটায় বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
টিলার লাল মাটি শত শত ট্রাকে বহন করার ফলে গ্রামীণ রাস্তা মাটিতে মিশে যাচ্ছে। স্কুল পড়–য়া শিক্ষার্থীদের ঐ সব সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
মির্জাপুর পৌরসভার ত্রিমোহন এলাকায় একাব্বর হোসেন সেতুর নিচে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার ফলে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ঝুকির মধ্যে রয়েছে। প্রতি বছর শুষ্ক এক শ্রেনির মাটি ব্যবসায়ী ভেকু মেশিন দিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাটি কেটে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
এ বছরও প্রভাবশালী মহল কয়েকটি স্থানে ১৫ দিন ধরে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা শুরু করেছে। পাহাড় ও টিলার ভোগদখলকারীদের রাস্তা সমতল করে বাড়ি বানানোর উপযুক্ত জমি দেওয়ার নাম করে উঁচু পাহাড় ও টিলার লাল মাটি কাটা হচ্ছে।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক বলেন, কদমা এলাকায় পাহাড় কাটার খবর পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হককে পাঠানো হয় কিন্তু কাউকে পাওয়া যায়নি।
বার্তাবাজার/এমকে