হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত

হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন অভিনেত্রী নুসারত জাহান। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হাসপাতাল ছাড়েন তিনি।

রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই প্রচণ্ড শ্বাসকষ্ট হয় নুসরাতের। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে আইসিইউতে তাকে ভর্তি করা হয়। ডা. সন্দীপ মণ্ডলের অধীনে তার চিকিৎসা চলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেশি মাত্রায় ওষুধ খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি জটিল হওয়ায় তাকে রাখা হয় আইসিইউতে। রাতেই তার স্টমাক ওয়াশ করেন চিকিৎসকরা। তার পর থেকে পরিস্থিতি কিছুটা ভাল হয়।

নুসরাতের ঘটনাটি জানিয়ে ফুলবাগান থানায় একটি ডায়েরিও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাতে জানানো হয়েছে, মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের ফলে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। যদিও নুসরাত ও তার পরিবারের তরফ থেকে বিষয়টি গুরুতর নয় বলে জানানো হয়েছে।

সোমবার দিনভর আইসিইউতে থাকার পর বিকেল ৫টা নাগাদ তাকে জেনারেল বেডে পাঠানো হয়। এর পর আরও কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তাকে ছুটি দেন চিকিৎসকরা। সন্ধ্যা ৭টায় হাসপাতাল ছাড়েন তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর