নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১১ জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
রবিবার দুপুর থেকে যশোরের ১৮টি রুটে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা বলছেন অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে।
একই দাবিতে ঝিনাইদহে মটর শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। শ্রমিক নেতারা জানিয়েছেন, আইন সংশোধনের দাবিতে শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেছেন।
এদিকে সোমবার সকাল থেকে বাস ধর্মঘটের কারণে কুষ্টিয়ার সাথে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মবিরতি পালন করছেন পরিবহণ শ্রমিকরা। নতুন সড়ক আইন সংস্কার না করলে তারা পরিবহন সেক্টরে কাজ করবেন না এমনটিও জানিয়েছেন।
মেহেরপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। শ্রমিকরা জানান, নতুন আইনের কারণে চালকরা আর গাড়ি চালাতে চাচ্ছেন না।
এছাড়া, শেরপুরেরও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় টার্মিনালে এসে আটকা পড়েছেন যাত্রীরা।
বার্তাবাজার/কে.জে.পি