পাথরঘাটায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা

বন্দর নগরী চট্টগ্রামের পাথরঘাটার ব্রিক ফিল্ড রোডে বড়ুয়া ভবনে ঘটিত বিস্ফোরণের ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত রিকশা চালকের স্ত্রী শাহীনা আক্তার।

সোমবার(১৮ নভেম্বর) অবহেলাজনিত মৃত্যু ও ক্ষতি সাধনের অভিযোগে দুই ব্যক্তির নামে মামলা দায়ের করেন শাহীনা আক্তার।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীনের কাছে অভিযুক্তদের নাম জানতে চাইলে তিনি তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি।

উল্লেখ্য, রোববার সকাল নয়টার দিকে চট্টগ্রাম পাথরঘাটার ব্রিক ফিল্ড রোডে অবস্থিত বড়ুয়া ভবনে প্রচন্ড এক বিস্ফোরণে শিশু সহ সাতজন নিহত হন ও এগারো জন হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘একটা গ্যাস লাইন বিস্ফোরণের ফলে এত লোক মারা যাবে বা হতাহত হবে তা আমাদের অভিজ্ঞতার বাইরে। তাই আমরা প্রকৃত কারণ উদঘাটনে বেশি নজর দিচ্ছি।’

অপরদিকে কেজিডিসিএল’র কর্মকর্তা সৈয়দ আবু নসর সালেহ বলেন, দুই দফা তদন্ত করে আমরা যা দেখেছি তাতে প্রাথমিকভাবে বলা যায় যে, গ্যাস লাইন লিকেজের দরুন বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সেপটিক ট্যাংকের ঢাকনা উড়ে গেছে এবং সেপটিক ট্যাংক ভরা দেখা গেছে। হতে পারে এর কারণেই বিস্ফোরণ ঘটেছে। এরপরও আরো নিশ্চিতকরণে আমাদের চার সদস্য বিশিষ্ট তদন্ত দল কাজ করছে।’

এদিকে ঘটনার পর পর পুলিশের উপ পরিচালক মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন ফায়ার সার্ভিসের তদন্ত টিম দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে মেয়র আ.জ.ম নাছির হতাহতদের প্রতি শোক প্রকাশ করে বলেন, ‘এই ঘটনাটি কিভাবে ঘটেছে তা জানার জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের ঘটনা যেন আর না ঘটে। সে ব্যাপারে কাজ করা হবে।’

এছাড়া জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়ভার জেলা প্রশাসন নিবে। সেই সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানান জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর