নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ইসমাইল হোসেন (১৭) নামে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লা থানার দেওভোগ মাদ্রাসা আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন আদর্শনগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
আদর্শনগর এলাকার বাসিন্দা ও স্থানীয় সামাজিক সংগঠন ‘সেবা’র সহসাধারণ সম্পাদক মো. শাকিল হোসেন জানান, একটি ছেলে দেশীয় অস্ত্রসহ এই এলাকার রাস্তা দিয়ে যাচ্ছে এই খবর পেয়ে এলাকাবাসী ও সংগঠনটির কয়েকজন লোক ছেলেটিকে আটক করে। তার সাথে থাকা একটি বস্তায় বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র চাপাতি রামদা, রড, হকিস্টিকসহ বিভিন্ন ধরণের অস্ত্র জব্দ করা হয়।
খবর পেয়ে পুলিশ এসে অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য ইসমাইল হোসেনকে গ্রেফতার করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এমকে