ওয়ারীতে অষ্টম তলা থেকে পড়ে গুরুতর আহত স্কুলশিক্ষার্থী

রাজধানীর ওয়ারীতে অষ্টম তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে মাশফি হোসেন মার্জুক (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এখন তার অস্ত্রোপচার চলছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

মার্জুকের পরিবারের সদস্যরা জানান, প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৫টার দিকে ঢামেকে ভর্তি করা হয়।

রায়হান নামে মার্জুকদের এক প্রতিবেশী ঢামেকে জানান, আহত মার্জুক ওয়ারীর সিলভার জুবলী স্কুলসংলগ্ন জিয়ান অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকে। তার বাবার নাম শাহিন হোসেন। মার্জুক নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং এবার এসএসসি পরীক্ষার্থী।

রায়হান আরও জানান, তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি মার্জুক ওই অ্যাপার্টমেন্টের অষ্টম তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত স্কুলছাত্রের অবস্থা খুবই খারাপ। এখন তার অস্ত্রোপচার চলছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর