১৮ নভেম্বর ২০১৯ঃ চট্টগ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আজিজ ওরফে আইজ্জা ডাকাত।
রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের খুলশী থানাধীন নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড এর ৮ নম্বর রোডে রাস্তার ওপর থেকে আজিজের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, গত শুক্রবার (১৫ নভেম্বর) গরীবুল্লাহ হাউজিং সোসাইটি এলাকায় জুমার নামাজের সময় আরিফুল হক নামে এক ব্যক্তির বাসায় ডাকাতির ঘটনায় খুলশী থানায় দায়েরকৃত মামলা তদন্তের পরিপ্রেক্ষিতে পুলিশ ও আজিজ ডাকাত দলের মাঝে বন্দুকযুদ্ধ বাঁধে ও গোলাগুলিতে আজিজ ডাকাত নিহত হন।
ওসি প্রণব চৌধুরী আরো বলেন, আরিফুল হকের দায়ের করা মামলার তদন্তে নেমে পুলিশ সর্বপ্রথম ডাকাতিতে ব্যবহৃত সিএনজি অটোরিকশার চালক শাহজালালকে আটক করে। চালক শাহজালালের তথ্যের ভিত্তিতে লুট করা স্বর্ণালংকার সহ পুরাতন গির্জা এলাকার নবরত্ন জুয়োলার্সের মালিক দুর্জয় বণিককে আটক করে পুলিশ।
পরে তাদের দেওয়া তথ্য মতে আরেক ডাকাত মোহাম্মদ রফিককে (৫২) চন্দনাইশ থেকে আটক করে পুলিশ। রফিককে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ছিনতাই ও ডাকাতির মূল হোতা আজিজ প্রকাশ আইজ্জার নাম বেরিয়ে আসে। আজিজকে গ্রেফতারে ঢেবার পাড় এলাকায় অভিযান চালালে রফিক ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইট পাটকেল ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলি শেষে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ আজিজ ওরফে আইজ্জা ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতাল পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধে ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশী বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এঘটনায় একটি অস্ত্র মামলা ও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস