টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধাক্কির সময় সিলেটের রিকাবিবাজারের সামনে পুলিশের ‘মিস ফায়ারে’ নারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতরা হলেন, পথচারী চন্দ্রকান্ত সিংহ ও আহত আরেকজন নারীর পরিচয় জানা যায়নি। চন্দ্রকান্তকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতে গুলি লেগেছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় আরও কয়েকজন আহত হন।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রিতা আক্তার জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ৫ জন করে ক্রেতাকে অডিটোরিয়ামের গেইট দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দিচ্ছিল। এর মধ্যে পেছন থেকে ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ বাধা দেয়। এ সময় লোড করা একটি শর্টগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়। তবে তিনি তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
উল্লেখ্য, গত শুক্রবার সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র্যাব-৯ অভিযান চালিয়ে ট্রাকভর্তি ৭ হাজার ২০০ কেজি পেঁয়াজসহ দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিতরাখেন এলাকার আব্দুল হকের ছেলে লায়েছ উদ্দিন ও রাজশাহীর বোয়ালীয়া উপভাদ্রা এলাকার আরমান আলীর ছেলে মীরাজ আলী। পেঁয়াজগুলো ভারত থেকে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে দেশে আনা হয় বলে র্যাব জানায়। জব্দকৃত এসব পেঁয়াজই টিসিবির মাধ্যমে সোমবার বিক্রি করা হচ্ছে।
বার্তাবাজার/এমকে