শ্রীবরদী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, আহত ১

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তের ১০৯১ পিলারের কাছে পানবাড়ি এলাকায় বিএসএফের গুলিতে উকিল মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সে মেঘাদল গ্রামের বঙ্গসুরুজের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) ভোরে ভারতীয় সীমান্তের কুমারগাতি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় বিএসএফের গুলিতে আরেক যুবক বাবেলাকোনা গ্রামের বদর আলীর ছেলে সুমন মিয়া (২০) আহত হয়েছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুর ঘাস খাওয়ানোর জন্য একদল যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় অনুপ্রবেশ করে। এসময় বিএসএফ গুলি চালালে উকিল ও সুমন আহত হয়ে বাংলাদেশী সীমান্তের পানবাড়ি এলাকায় এসে উকিল মিয়া লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে এলে উকিল মিয়া মারা যায়। খবর পেয়ে কর্ণঝোড়া ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত ওই ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আহত সুমনকে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুপুরে বিজিবি- বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর