নেপালের কাঠমান্ডু ও পোখারাতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান গেমস-২০১৯-এ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী এ গেমস-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট ৭ শিক্ষার্থী গেমসটিতে অংশ নিবেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী খেলোয়ারদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমরা পদক জয় করে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের মান উজ্জ্বল করবে, এই প্রত্যাশা রাখছি। ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় তোমাদের পাশে আছে এবং থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্র সাকিব বাস্কেটবল, লোক প্রশাসন বিভাগের তামিম রোল বল এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমন হ্যান্ডবল ইভেন্টে প্রতিযোগিতা করবেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী প্লাবনী হক হাইজাম্প, তামান্না আকতার ১০০ মিটার হার্ডেলস, ৪ x ১০০ মিটার ও ৪ x ৪০০ মিটার রীলে রেস এবং রিংকী খাতুন লংজাম্প ও ৪ x ১০০ মিটার রীলে রেস ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ।
আগামী ১ থেকে ১০ ডিসেম্বর সাউথ এশিয়ান গেমস-২০১৯ অনুষ্ঠিত হবে। গেমস-এ অংশ নিতে দলটি আগামী ২৯ নভেম্বর নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং ১২ ডিসেম্বর ঢাকা প্রত্যাবর্তন করবে।
বার্তাবাজার/ডব্লিওএস