বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কখনো ক্ষমতার রাজনীতি করেন নাই। তিনি রাজনীতি করেছেন মানুষের অধিকার আদায়ের। বাংলাদেশে এখন কোন গণতন্ত্র নেই। মানুষের অধিকার নেই। বর্তমান সরকার বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলে দেশে স্বৈরশাসন চালাচ্ছে। কাউকে কথা বলার সুযোগ দিচ্ছে না।জোর করে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে।
রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩ তম মৃত্যু বার্ষিকীতে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আজ দেশে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সরকারের দুর্নীতি অদক্ষতা এবং তাদের মদত পুষ্ট ব্যবসায়ীদের কারণেই দেশে পেয়াজসহ সকল দ্রব্যমূল্যের উর্ধ্ব গতি। শুধু পেঁয়াজ নয়,প্রত্যেকটি জিনিসপত্রের দামই উর্ধ্বগতি। কৃষকদের উৎপাদিত মূল ফসল ধান। কিন্তু ধানের দাম অত্যন্ত কম। এর মূল কারনটাই হচ্ছে এই সরকার ব্যর্থ সরকার।তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে তাই তাদের কাছে সব কিছু নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না। অনির্বাচিত সরকার দেশ পরিচালনায় পুরো পুরি ব্যর্থ হয়েছে।
তিনি বলেন,আমরা অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাাচ্ছি।খালেদা জিয়া কারাগারে রয়েছেন। তাকে মুক্ত করতে আমরা সব ধরনের আন্দোলনে মাঠে রয়েছি।আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এ সরকার বাধ্য হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে।
এসময় বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান,শামছুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলস তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি