সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় গ্রেপ্তার শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার বরখাস্ত মেয়র হালিমুল হক মিরু রাজশাহী কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেন রাজশাহী কারাগারের ডেপুটি জেলার সাইফুল ইসলাম।
তিনি আরও জানান উচ্চ আদালতের আদেশের ভিত্তিতে রোববার দুপুরে মিরুকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ ব্যাপারে মিরুর ছোট ভাই হাফিজুর রহমান পিন্টু বলেন,হাইকোর্টের একটি বেঞ্চ গত ১২ নভেম্বর মিরুকে জামিন দেয়। কাগজপত্র পৌঁছানোর পর রাজশাহী কারা কর্তৃপক্ষ তাকে মুক্ত করে।
প্রায় দুই বছর সাড়ে নয় মাস কারাবাসের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে তার ভাই মুক্ত হলেন বলে জানান তিনি। আরও জানান, গত বৃহস্পতিবার চিকিৎসকরা তার ভাই মিরুর পাইলস অপারেশন করেছেন। তার শরীরে আরও কয়েকটি রোগ বাসা বেঁধেছে। তাই চিকিৎসকরা তাকে ঢাকার হাসপাতালে রেফার্ড করেছেন।
উল্লেখ্য যে, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর ভাই পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ওই সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে শটগানের গুলিতে আহত হয়ে মারা যান দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম মেয়রসহ ১৮ এবং অজ্ঞাতনামা আরও ২২ জনসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এরপর পুলিশ ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। গত ১৩ জুন শাহজাদপুরের আদালত অভিযোগপত্র গ্রহণের পর মিরুকে মেয়র পদে থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এবং সিরাজগঞ্জ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে মিরুকে বহিষ্কার করা হয়।
বার্তা বাজার/এম.সি