সারাদেশের ন্যায় ময়মনসিংহের খুচরা বাজারে গেল কয়েকদিন ধরেই পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২২০ থেকে ২৩০ টাকার মধ্যে। সকাল পর্যন্ত এমনিভবে পেঁয়াজ বিক্রি করলেও পুলিশের অভিযান দেখেই পেয়াজের দাম প্রতি কেজিতে ৫০ টাকা কমিয়ে ফেলেছেন বিক্রেতারা।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে হঠাৎ নগরীর মেছুয়া বাজার এলাকায় পেঁয়াজের আড়ত ও খুচরা বাজারে অভিযান চালান জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

এতে সাথে সাথেই কেজিতে ৫০ টাকা কমে ১৭০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করে দেয় ব্যবসায়ীরা। এসময় পাইকারি ও খুচরা বিক্রেতাদের পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের তথ্য উপাত্ত সংগ্রহ করেন জেলা পুলিশ।
পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, আমরা মূলত অভিযান চালাচ্ছি সতর্ক ও সচেতনতা তৈরি করতে। শুধু জেলা শহরে নয়, এমন অভিযান চলবে উপজেলা ও গ্রাম পর্যায়ের হাটবাজারগুলোতেও।
অভিযানে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি