মুক্তাগাছায় পুকুর থেকে হাবিপ্রবি ছাত্রের লাশ উদ্ধার

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পুকুর থেকে শিহাবুল ইসলাম ওরফে শিশির খন্দকার (২২) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে মুক্তাগাছা পৌরশহরের মাঝিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, ওই এলাকায় কচুরিপানাভর্তি একটি পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিহত শিশির উপজেলা সদরের লক্ষ্ণীখোলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খন্দকার হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর