ঢাকার সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। রবিবার (১৭ নভেম্বর) রাজাশন এলাকায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে দুইটি মশার কয়েল কারখানা সহ আনুমানিক ২৫টি বাসাবাড়িতে নেয়া প্রায় ২০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।

অভিযান চলাকালে সাভারের দক্ষিণ রাজাশন এর পলাশ মার্কেটে রোখসানা কেমিক্যাল কোং নামের একটি মশার কয়েল তৈরীর কারখানা এবং রাজাশনের হাইপয়েন্ট এলাকার আতিক এন্টারপ্রাইজ নামের আরো একটি মশার কয়েল তৈরীর কারখানায় নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয়। এছাড়া মধ্য রাজাশন এলাকায় ২৫টি বাসাবাড়ীতে নেয়া অবৈধভাবে ব্যবহৃত প্রায় ২০০টি সংযোগ বিচ্ছিন্ন করা সহ আনুমানিক এক কিলোমিটার ব্যাপী অবৈধ সংযোগ উচ্ছেদ করে ১০০০ ফুট পাইপ জব্দ করা হয়।
এব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, আজ (রবিবার) সাভারের রাজাশন এলাকার তিনটি স্পটে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। দুইটি মশার কয়েল তৈরীর কারখানা তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছিলো। আমরা ওই দুই কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছি। এছাড়া আনুমানিক এক কিলোমিটার ব্যাপী অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ তুলে ফেলা হয়েছে।
অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করায় বাংলাদেশ গ্যাস আইনে ওই দুইটি কারখানা সহ বাসাবাড়ির মালিকদের বিরুদ্ধেও আমরা আইনী ব্যবস্থা নিতে যাচ্ছি বলেও জানান তিতাসের এই ব্যবস্থাপক।
বার্তা বাজার/এম.সি