কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়নের নাটুয়ামহল পোদ্দারপাড়া গ্রামে প্রেমের সম্পর্কের জের ধরে এক প্রেমিকের হাতে খুন হয়েছেন প্রেমিকার বাবা। এ ঘটনায় পর প্রেমিক মৃণাল কান্তিকে (২৩) গ্রেফতার করে শনিবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়নের নাটুয়ামহল পোর্দ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পোর্দ্দারপাড়া গ্রামের খগেন্দ্র নাথ রায়ের ছেলে মৃণাল কান্তির (২৩) সঙ্গে মোসলেম উদ্দিনের মেয়ের (১৩) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি তার বাবা মোসলেম উদ্দিন জানতেন না। বৃহস্পতিবার রাতে প্রেমিকার শয়ন ঘরে প্রেমিক-যুগল অবস্থান করলে বিষয়টি টের পায় মোসলেম উদ্দিন। এক পর্যায়ে দরজা ভেঙে মোসলেম উদ্দিন ঘরে প্রবেশ করে।
এসময়, প্রেমিক মৃণাল কান্তি নিজেকে বাঁচাতে প্রেমিকার বাবাকে আঘাত করে পালিয়ে যায়। এতে মোসলেম উদ্দিন গুরুতর আহত হলে বাড়ির লোকজন হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, বিষয়টি চেপে গিয়ে পরিবারের লোকজন পরদিন (শুক্রবার) লাশ দাফনের ব্যবস্থা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহালে লাশের ডান হাতে রক্ত ও বুকে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া যয়। পরে প্রেমিকা ও তার মাকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘাতক প্রেমিক মৃণাল কান্তির নাম বেরিয়ে আসে। পুলিশ মোসলেম উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালে নেন। প্রেমিক মৃণাল কান্তি রায়কে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার মৃণাল কান্তি রায়কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিক মৃণাল কান্তির সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি