জবির নতুন ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণে ক্ষতি ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের ১৮৮ একর ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতি পূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়ায় ভূমি অধিগ্রহণে এ চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, কেরানীগঞ্জে শিক্ষার আলো ছড়াতে সাহায্য করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সর্বাধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠে সারাবিশ্বে এর নাম ছড়িয়ে পড়বে।

চেক হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, টাকা দেওয়ার সময় দালাল চক্র তৈরি হয়। এমন কারো নামে কোন অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনভাবে বিব্রত করা যাবেনা।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রমান বলেন, কেরানীগঞ্জে আজীবন জ্ঞানের অনুশীলন, অনুসন্ধান ও গবেষণা হবে। এই জমি পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেমন লাভবান হয়েছে, এলাকাবাসীও তেমনি লাভবান হয়েছে, ব্যবসা বাণিজ্য ও আবাসনে বেনিফিট পাবে।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থদের কোন ধরনের হয়রানী ছাড়া বিনিময় মূল্য নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। আগামী মাসের মধ্যে দ্রুত চেক হস্তান্তর সম্পন্ন করে জেলা প্রশাসককে এই জমিটা নকশা অনুযায়ী বুঝিয়ে দেওয়ার আহ্বান করেন।
ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর