সিরাজগঞ্জের সলঙ্গায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাজারের ব্যবসায়ীরা। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভূষাল হাটায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় হাট ইজারাদার জাহাঙ্গীর আলম লাবু তালুকদার জানান,সলঙ্গা বাজারের হাট পেরিফেরি জায়গা ৩৩.৩৩ একর। এর মধ্যে প্রায় অর্ধেকের বেশি জায়গা প্রতারনার মাধ্যমে দখল করে নিয়েছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। এর মধ্যে সলঙ্গা থানা আ’লীগের সাবেক সভাপতি ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার অন্যতম।
ধান হাটাসহ পানি উন্নয়ন বোর্ডের বেশ কিছু জায়গায় জিল্লুর রহমান সরকার স্থাপনা গড়েছেন। যার কারণে সাধারণ হাটুরে জনতাসহ ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত । এদিকে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। এছাড়া আলহাজ্ব আলাউদ্দিন সরকার,আনোয়া আমিন,শামছুল মাষ্টার,আলহাজ্ব ইকবাল হোসেন মন্ডল,কালীপদ কুন্ডু,আলহাজ্ব জেহাদুল ইসলাম,বিএনপি নেতা হাবিবুর রহমান বাচ্চুসহ অনেকেই ভূমিদস্যুদের তালিকায় রয়েছে।
স্থানীয় প্রায় ৮শতাধিক গণস্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ইতি মধ্যেই ভূমিদস্যদের স্থাপনা গুলো চিহ্নিত করেছে। এসময় বাজারের সকল ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহন করে অনতি বিলম্বে চিহ্নিত স্থাপনা গুলো উচ্ছেদের দাবী জানিয়েছেন। উক্ত মানববন্ধনে বাজারের ব্যবসায়ী,সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বা্র্তা বাজার/এম.সি