ধামরাইয়ে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

রাজধানীর অদূরে ধামরাইয়ে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে ধামরাই থানার উপ-পরিদর্শক ইবনে ফরহাদের নেতৃত্বে এক বিশেষ অভিযানে চোরাই মটরসাইকেল সহ চোরাই চক্রের সক্রিয় চার সদস্য আটক হয়।

ছবি: বার্তা বাজার

আটককৃতরা হলো, খুলনা জেলার লবণচোরা থানার মাথাভাঙ্গা গ্রামের আব্দুল গাফফারের ছেলে সেলিম হোসেন (৩৫), খুলনা জেলার রুপসা থানার বাগমারা গ্রামের ইদ্রিস ফরাজির ছেলে বাদশা ফরাজি (২৮) ওরফে আজিজ শেখ এবং রবিউল ফরাজি (২৬), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কানুটিয়া গ্রামের মনু মোল্লার ছেলে নাজমুল হাসান মুন্না (২৫)। এরা সকলেই মোটরসাইকেল চুরিসহ নানা অপরাধের সাথে জড়িত বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী ধামরাই থানার চুরি মামলায় ২টি মোটরসাইকেল, মানিকগঞ্জ দৌলতপুর ১টি মোটরসাইকেল ও সাভার থানা এলাকায় চুরি যাওয়া ২টি মোটরসাইকেল সহ সর্বমোট ৫টি মোটরসাইকেল উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাঈদুর রহমান। তিনি জানান, আটক এই চোর চক্রের সদস্যরা ঢাকার ধামরাইসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোটরসাইকেল ও অন্যান্য সরঞ্জামাদি চুরির ঘটনার সাথে জড়িত। এদের দলনেতা নাজমুল হাসান মুন্নার নেতৃত্বে চক্রটি চুরি ছাড়াও বিভিন্ন সময় নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। এছাড়া এই চক্রের বাদশা ফরাজি নামে আরেকজনের নামে দেশের বিভিন্ন থানায় আটটি মামলাও রয়েছে।

ছবি: বার্তা বাজার

এসময় তিনি আরো বলেন, ইতোপূর্বে ধামরাই এলাকায় বিভিন্ন সময় বেশ কিছু মোটরসাইকেল চুরি যাওয়ার ঘটনা ঘটে। এর সূত্র ধরেই ধামরাই থানা পুলিশ এই চক্রটিকে আটক করতে তৎপরতা চালিয়ে আসছিল। পরে শুক্রবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত ধামরাই, মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় অভিযান চালিয়ে চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় চোর চক্রের মূলহোতা নাজমুলসহ তার সঙ্গীয় আরো তিন জনকে। এছাড়া এই চক্রটির নিকট থেকে ১৩’শ পুরিয়া হেরোইন ও চুরি যাওয়া আরো বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, ধৃতদের কাছ থেকে পাঁচটি মোটর সাইকেলসহ ১৩০০ পুরিয়া হিরোইন ও চুরি করার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর