নিখোঁজ হওয়ার দুই দিন পর ফরিদপুর মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ১৬ নভেম্বর, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্পসের বাইরে মুন্সিবাজার বাইপাস রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নয়ন চন্দ্র নাথ ফরিদপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি নজরুল ইসলাম এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৩ নভেম্বর, বুধবার রাত থেকেই নয়ন চন্দ্র নাথ নিখোঁজ ছিলেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পসের বাইরে মুন্সিবাজার বাইবাস সড়কের পাশে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। তাদের দেয়া সংবাদে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান, তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে।
নয়নের নিখোঁজ হওয়ার ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে।
মেডিকেল কলেজের সিসি টিভি ফুটেজ থেকে জানা যায়, সকাল ৯ টার দিকে থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি শার্ট পরে ছাত্রাবাস থেকে বের হন নয়ন। ওই সময় তিনি মোবাইল ফোন-মানিব্যাগও সঙ্গে নিয়ে যাননি।
‘আমি একটু আসতেছি’ রুমমেটকে এই কথা বলে বের হয়ে যাওয়া নয়ন ফিরলেন একেবারে প্রাণহীন-নিথর হয়ে।