ঠাকুরগাঁওয়ে নিজের মেয়েসহ যুবতীদের দিয়ে দেহ ব্যবসা করার দায়ে মা মেয়েসহ ৩ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার সালান্দর ইউনিয়নের আরাজী কৃষ্ণপুর ভাঙ্গা ব্রীজ সংলগ্ন এলাকার আইয়ুব আলীর স্ত্রী সাথী আক্তার, তার মেয়ে অর্নী আক্তার ও পঞ্চগড় জেলার মরিয়ম আক্তার।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, নিজের মেয়ে ও অন্য এলাকার যুবতীদের দিয়ে দেহ ব্যবসার অভিযোগ পেয়ে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সালান্দর ইউনিয়নের আরাজী কৃষ্ণপুর ভাঙ্গা ব্রীজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকাবস্থায় দুজন পুরুষ পালিয়ে গেলেও মা মেয়েসহ ৩ জনকে আটক করে সাজা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর সদর উপজেলার সালান্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে চরিত্রহীন মহিলা সাথী আক্তারকে উচ্ছেদ করার জন্য লিখিত অভিযোগ করেন। স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষক রেজাউল তাদের সহযোগিতা করছেন বলে অভিযোগ উল্লেখ রয়েছে।
যদিও এর আগে গত বুধবার ওই মহিলাকে উচ্ছেদ করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয়রা।
বার্তাবাজার/ডব্লিওএস