চট্টগ্রাম নিয়ে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক : আ জ ম নাছির

জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর আগ্রহ আন্তরিকতা ও অর্থ বরাদ্দের কথা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির বলেন, জলাবদ্ধতা নিয়ে অপরাজনীতি করা বাঞ্ছনীয় নয়।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর বরাদ্দে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিশেষ প্রকল্প গ্রহন করেছে। এটি বাস্তবায়নে ফিজিবিলিটি স্ট্যাডি, ড্রয়িং ডিজাইন সহ নানান ঝামেলা রয়েছে। যা পর্যায়ক্রমে সমাধানের কাজ চলছে।

সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মুখ্য আলোচক ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ।

আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম এগিয়ে যাওয়া মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া। চট্টগ্রামের উন্নয়নের প্রতি প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক ও সচেতন। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চট্টগ্রামের নানান সমস্যা একের পর এক সমাধান হচ্ছে। বেটার্মিনাল নির্মাণ সহ দেশের জ্বালানি খাতে অভূতপূর্ব সাফল্য এসেছে। বন্দরে আমদানি রপ্তানিতে কাজের গতি বেড়েছে। বিভিন্ন সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালু হয়েছে। আর এ সব কিছু সম্ভব হয়েছে কেবল প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও সদিচ্ছার বদৌলতে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুব আলম। স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুছ ছাত্তার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর