সাভার উপজেলা আওয়ামী লীগের কান্ডারী হাসিনা দৌলা ও রাজীব

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে নির্বাচিত হয়েছেন মিসেস হাসিনা দৌলা ও মঞ্জুরুল আলম রাজীব। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক মিসেস হাসিনা দৌলা এই নিয়ে তৃতীয় বারের মত সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন। আর সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রথমবারের মতো সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

সাভার উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদক

সম্মেলনে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুর চৌধুরী নওফেল, পানি সম্পদ বিষয়ক উপ-মন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাসান তুহিন প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্মেলনে বক্তারা বলেন, আগের যে কোনও সময়ের তুলনায় বর্তমানে সাভার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।আর এই ঐক্যের ফল ভোগ করছে গোটা এলাকার সাধারণ মানুষ।

নব নির্বাচিত সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, সাভারের উন্নয়নের আমরা ঐক্যবদ্ধ। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সকলে একসঙ্গে কাজ করে যাবো।

নব নির্বাচিত সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা জানান, কাউন্সিলরগণ আমাকে নির্বাচিত করেছেন এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার পদে থেকে আমি সাভার উপজেলা আওয়ামী লীগ যাতে আরও গতিশীল হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়ক হয় সে বিষয়ে সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো।

সম্মেলন শেষে আতশবাজির প্রদর্শণীর দ্বারা ত্রি-বার্ষিক সম্মেলনের সফল সমাপ্তিতে আনন্দ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর