আবারো চালের দাম বেড়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়েছে চালের দাম। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানান খুচরা বিক্রেতারা। তবে রাজধানীর নয়া বাজারের আড়তদাররা বলছেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দাম বাড়িয়েছেন তারা। আর মিল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম।
প্রায় তিন মাস যাবত অস্থির পেঁয়াজের বাজার। এর সাথে নতুন করে যোগ হয়েছে চালের বাড়তি দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের চালের দাম।
বাজার ঘুরে দেখা যায় কাটারি নাজির চাল কেজি প্রতি ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। মিনিকেট ৩ থেকে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ থেক ৪৮ টাকা কেজি দরে। একইভাবে কেজিপ্রতি ৫ টাকা বেড়ে জিরানাজির চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি। নাজিরশাইল কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা। কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়েছে আঠাশ, গুটি স্বর্ণা এবং উনত্রিশ চালের দাম। বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকা। কেজি দরে। আর চিনিগুরা চাল কেজিপ্রতি ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি।
চালের বাজার এমন অস্থির হলেও তাকে স্বাভাবিক মনে করছেন আড়তদাররা। নওগাঁ জেলা চাউলকল মালিক সমিতি সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার এবং নওগাঁ ধান ও চাল আড়তদার ব্যবসায়ী সমিতি সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন জানান, ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি ২০০ থেকে। ২৫০ টাকা বেড়েছে ধানের দাম।
পেঁয়াজের বাজারের পর চালের এমন দাম বৃদ্ধিতে ক্ষুদ্ধ ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।