ভূমি অফিসের ‘বড় মিয়াদের’ জ্বালায় অতিষ্ঠ মানুষ

ভূমি অফিসে অনেক ভালো এসি ল্যান্ড দেয়া হলেও সেখানে তহশিলদাররাই ‘বড় মিয়া’ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, তহশিলদারদের জ্বালায় সেবা প্রার্থীরা অতিষ্ঠ। মাঠপর্যায়ে অনেক অভিযোগ পাচ্ছি। সমস্যা হচ্ছে, তহশিলদাররা (বড় মিয়া)। চিন্তায় আছি এ বড় মিয়ারা যে কবে ‘ছোট মিয়া’ হয়ে যায়। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘আমরা কি জনগণের জন্য কাজ করছি? জনগণকে কি সেবা দিচ্ছি, না জনগণকে দুর্ভোগ দিচ্ছি? নিজেদের এ বিষয়টি বিবেচনা করতে হবে।’

তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। জনগণের সেবা দেয়াই তাদের কাজ। তাই সেবার মন-মানসিকতা নিয়েই কাজ করতে হবে। অহেতুক মানুষকে কষ্ট দেয়া যাবে না।’

মন্ত্রী বলেন, ‘রাতারাতি কোনো কিছু করতে আমি বলব না। কিন্তু একটা নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। এটাও ঠিক যারা আপনাদের কাছে আসে, অনেকে একটু অধৈর্য, অনেকে হয়তো একটু ক্ষমতা দেখাতে চান। কিন্তু ভালো ব্যবহার দিয়ে, সুন্দর সার্ভিস দিয়ে তাদের সঠিকভাবে হ্যান্ডল করা আপনাদের দায়িত্ব।’

সাইফুজ্জামান চৌধুরী বলেন, অধিগ্রহণ নিয়ে মানুষের ভোগান্তি হচ্ছে। মন্ত্রণালয় থেকে বারবার নির্দেশনা দেয়া হচ্ছে। এসব নির্দেশনাগুলো পড়ে কাজ সম্পন্ন করা উচিত। না বোঝার কিছু থাকলে মন্ত্রণালয়ে ফোন দিয়ে বুঝে নিতে হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর