সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্য থেকেই স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব আসবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের মধ্যে যাদের ক্লিন ইমেজ আছে এবং সৎ, কর্মঠ তাদেরকে নেতৃত্বে আনা হবে।
গতকাল বৃস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের মাঠ পরির্দশন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন বিএনপি মহাসচিবের এমন দাবির বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। এখন তার নেত্রী খালেদা জিয়া কারাগারে থাকার জবাবও দিতে পারছেন না। নেত্রীর মুক্তির জন্য তারা রাস্তায় একটি দৃশ্যমান আন্দোলনও করতে পারেনি। এখন কথার মালা ছাড়া তাদের আর কোনো সম্পদ নেই।
স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যহতি দেয়া হয়েছে এতে সম্মেলন করতে কোনো সমস্যা হবে কি না- জানতে চাইলে কাদের বলেন, অন্য নেতারা আছেন। সবকিছুই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, দলের নিয়মনীতি অনুযায়ী। এ সংগঠনের দেখভাল করছেন শেখ হাসিনা।
যুবলীগের নেতৃত্ব কমিটির বাইরে থেকে আসবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কাউন্সিলররা যদি মনে করে বাইরে থেকে কাউকে আনবে সেটা তাদের সিদ্ধান্ত। সর্বোপরি আমাদের নেত্রী আছেন, তিনি হলেন সবার অভিভাবক। তিনি যেটা ভালো মনে করবেন আমরা সেটাই মেনে নেবো।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, শেখ সোহেল রানা টিপু ও সাজ্জাদ সাকিব বাদশাসহ অনেকে উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস