মির্জাপুরে অভিযানের পরপরই পেঁয়াজের দাম বৃদ্ধি, প্রতি কেজি ১৮০

টাঙ্গাইলের মির্জাপুরে নানা পদক্ষেপের পরও পেঁয়াজের অতিরিক্ত দাম বৃদ্ধির লাগাম কিছুতেই টেনে ধরতে পারছে না। গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মির্জাপুরে বিভিন্ন আড়ৎ ও পাইকারি বাজার অভিযান চালনা করা হয়।

মির্জাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ আড়ৎদারকে ৯০ হাজার টাকা অর্থ জরিমানা করেন। এর পরপরই পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধি পায়। আজ বৃহস্পতিবার মির্জাপুর কাচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ভালো মানের দেশি পেঁয়াজ সর্বোচ্চ ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে মঙ্গলবার প্রতিকেজি ভালো মানের দেশি পেঁয়াজের দাম সর্বোচ্চ ১৩০ টাকা ছিল।

ক্রেতা জাকির হোসেন বলেন, মনে করেছিলাম ব্যবসায়ীদের যখন জরিমানা করছে তাহলে আজকে পেঁয়াজের দাম কম হবে। কিন্তু বাজারে গিয়ে দেখি তার উল্টোটা। গতকাল বুধবার ছিল পেঁয়াজের দাম ১৬০ টাকা আজই ১৮০ টাকায় কিনতে হচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামেই তো বিক্রি করব। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হক বলেন, এ ব্যাপারে ইউএনও স্যার এর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক বলেন, অতি দ্রুত আরেকটি অভিযান পরিচালনা করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর