সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে কোচিং সেন্টার চালানোর দায়ে আশরাফ আলী নামের একজন কোচিং সেন্টারের পরিচালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং কনফিডেন্স কোচিং সেন্টার ও ক্রিয়েটিভ কোচিং সেন্টার নামের দুইটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় কোচিংয়ে পাঠদানরত অবস্থায় কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক আশরাফ আলীকে আটক করা হয়।
পরে তাকে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে গোপনে কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে ক্রিয়েটিভ কোচিং সেন্টার নামে আরেকটি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করলে ওই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকবৃন্দ অভিযানের খবর জানতে পেরে আগেই সটকে পড়েন। পরে উক্ত দুই প্রতিষ্ঠান বন্ধ করে সিলাগালা করে দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন স্থানীয় জনসাধারণকে চলমান জেএসসি ও আসন্ন পিইসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার চালানো অবৈধ সে বিষয়ে সচেতনামূলক কথা বলেন।
বার্তাবাজার/এমকে