১৭ই নভেম্বর শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা শুরু

প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন এবং ইবতেদায়ীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

আসছে ১৭ই নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা শুরু হচ্ছে। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসির পরীক্ষার্থী ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন এবং ইবতেদায়ীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষা সমাপনী নিয়ে নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গতবারের চেয়ে এবার প্রাথমিকে ২ লাখ ২৩ হাজার ৬১৫ জন কম। তবে, ইবতেদায়ীতে ৩০ হাজার ৯৮৩ জন বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরীক্ষা কেন্দ্র মেরামতের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে অর্থও দেয়া হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা সরঞ্জাম সরবরাহ করা হবে বলেও জানান মন্ত্রী।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড নিয়ে সমস্যা নিরসনে মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন।’ এছাড়া পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর