দুইজনের বয়স এখনো ১৬ পেরোয়নি। তবে মোবাইলে কথা বলার এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের ফলে বুধবার গভীর রাতে প্রেমিকার বাড়ির পাশের পুকুড় পাড়ে গল্প করছিলেন দুইজন। কিন্তু পুকুরের মালিক টের পেয়ে প্রেমিক ও প্রেমিকাকে আটক করেন। এখন তাদের বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউপির রওশনপুর উত্তরপাড়ায়। আটক প্রেমিক উপজেলার তেলটুপি মধ্যপাড়ার আলাল উদ্দিনের ভবঘুরে ছেলে মিঠু আহম্মেদ ও প্রেমিকা রিমা রওশনপুর উত্তরপাড়ার জিনাত আলীর মেয়ে। সে মৌখাড়া ইসলামীয়া মহিলা অনার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
রিমার চাচা আমজাদ হোসেন জানান, এক বছর ধরে ছেলে-মেয়ে মোবাইলে কথা বলছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের কারণে বুধবার রাত ২ টায় পাশের বাড়ির পুকুর পাড়ে দুইজনে গল্প করছিল। এ সময় পুকুরের মালিক বাইরে বের হলে দুইজনকে দেখতে পান। মালিকের উপস্থিতি টের পেয়ে দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা তাদের আটক করে বাড়িতে নিয়ে আসেন। দুই পরিবারের সমঝোতায় তাদের বিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।
গুরুদাসপুরের ইউএনও মো. তমাল হোসেন জানান, বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।