দুই দিন পর থেকে কমবে রাতের তাপমাত্রা

দুই দিন পর থেকে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল ১৩ নভেম্বর, বুধবার সন্ধ্যা ৬ টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গত ১ নভেম্বর থেকে সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গতকাল বুধবারও তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো, যা দেশের সর্বনিম্ন। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল দেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফে, সেখানে গতকালকের তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হয় ৬টা ১২ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।

আজ কার্তিক মাসের ২৯ তারিখ। আর মাত্র একদিন পরই শুরু হবে অগ্রহায়ণ। সাধারণত হেমন্তের দ্বিতীয় মাস অগ্রহায়ণ থেকে দেশজুড়ে শীতের আমেজ শুরু হয়। এই সময়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর