টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

রাজশাহীতে রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। নিহত যুবলীগ কর্মীর নাম সানোয়ার হোসেন রাসেল। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সানোয়ার হোসেন রাসেল নগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজার ছোট ভাই। নিহত ফাহিম পবা নতুনপাড়ার মোস্তফার ছেলে। তিনি নগরীর বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী রেলভবনে রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের রাজা গ্রুপ এবং সৈনিক লীগের সাধারণ সম্পাদক সুজন গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আনোয়ার হোসেন রাজা ও তার ছোট ভাই সানোয়ার হোসেন রাসেল ও সোনাসহ উভয়ে গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়। তাদের মধ্যে তিনজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রামেকের অপারেশন থিয়েটারে সন্ধ্যা ৬টার দিকে রাসেলের মৃত্যু হয়।

এছাড়া আওয়ামী লীগ কর্মী সুজন গ্রুপের অন্তত দুইজনকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুজন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার নিযাম উল আযিম গ্রুপের কর্মী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রেল ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ নেতা রাজা ও মহানগর আওয়ামী সৈনিক লীগের সাধারণ সম্পাদক সুজন আলীর মধ্যে বিরোধ চলছিল। দুপুরে রেল ভবনের সামনে তাদের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ গিয়ে রেলভবন ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন ভাংড়ির দোকানের সামনে থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করে।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। সন্ধ্যায় রাসেল মারা যান। তবে সংঘর্ষের পরই রাব্বি নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর