কলারোয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

সাতক্ষীরার কলারোয়ার জালালাবাদে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী রঞ্জন মন্ডলকে মৃত্যদন্ড’র রায় ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল।

সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বলেন, যৌতুকের জন্য স্ত্রী স্বপ্না রাণীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী রঞ্জন মন্ডল (৩৭)এর বিরুদ্ধে মৃত্যদন্ড’র রায় ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল।
বুধবার দুপুর আড়াইটার দিকে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক হোসনে আরা আক্তার।

অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু জানান, জালালাবাদের রবীন মন্ডলের ছেলে রঞ্জন মন্ডল যৌতুকের জন্য স্ত্রীকে প্রায়শই শারিরীক নির্যাতন করতো। ২০১২ সালে ৯জুন পঞ্চাশ হাজার টাকা যৌতুকের জন্য নিজের বাড়িতে স্ত্রীকে পেটাতে পেটাতে মেরে ফেলে। এ ঘটনায় নিহতের ভাই শিবপদ দাস বাদী হয়ে ৬ জনকে আসামী করে কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোলাম সরোয়ার মোল্যা অধিকতর তদন্ত শেষে আদালতে ২০১২ সালের ১২ জুলাই চার্জশীট দাখিল করে।

আদালত ৯জনের স্বাক্ষ্য গ্রহণশেষে হত্যাকান্ডটি সন্দেহাতীত ভাবে প্রমানিত হলে আসামীর বিরুদ্ধে বিচারক মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। রায়ের আগে থেকে জামিনে থাকা অবস্থায় স্বামী রঞ্জন মন্ডল পলাতক হয়ে যাওয়ার কারণে আদালতে সে অনুপস্থিত ছিল।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর