মানিকগঞ্জে বাংলাদেশী পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। এঘটনায় আটক করা হয়েছে রোহিঙ্গা নারীর স্বামী পরিচয়দানকারী রেজাউল কারিম ও সনাক্তকারী আইনজীবী মোঃ মনোয়ার হোসেনকে।
মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাকসুদুর রহমান জানান, বুধবার বেলা বারোটার দিকে জান্নাত আক্তার নামের এক নারী পাসপোর্ট করতে আসেন। তার আবেদনে স্বামীর নাম দেয়া হয় রেজাউল কারিম। পিতা আব্দুল হাই।
জন্ম সনদে তাদেরও ঠিকানা দেখানো হয়েছে, সাটুরিয়া উপজেলার ২ নং দিঘলীয়া ইউনিয়নের বেংরোই গ্রামে তাদের বাড়ি। জান্নাতের জন্ম দেখানো হয়েছে ২০০০ সালের ১০ জুন।
মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাকসুদুর রহমান আরো জানান, ওই নারীর কথা বার্তা সন্দেহজনক হলে তিনি তাৎক্ষনিক ভাবে রোহিঙ্গা শরনার্থীদের নিবন্ধিত সার্ভারে অনুসন্ধান করেন। এতে দেখা যায় পাসপোর্ট আবেদকারী জান্নাত আক্তার আসলে রোহিঙ্গা নারী। তার নাম আসমা। পিতা সিরাজুল হক। রোহিঙ্গা নিবন্ধিত নম্বর ১৪৩২০১৭১২১৩১৫৪৪১৫। তার জন্ম তারিখ ৫ জানুয়ারি ২০০১। আসমা ২০১৭ সালের ১০ অক্টোবর টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রোহিঙ্গা নারী ও তার স্বামী পরিচয়দানকারী রেজাউল কারিম এবং সনাক্তকারী আইনজীবী মনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/ডব্লিওএস