তারেক মনোয়ারসহ ৩ বক্তার ওয়াজ নিষিদ্ধ

দেশের জনপ্রিয় ইসালামি বক্তা ও টিভি উপস্থাপক মাওলানা তারেক মনোয়ারসহ তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
মাহফিলে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগে কুমিল্লায় তারা ওয়াজ করতে পারবেন না বলে কুমিল্লা জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

গত সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণের কথা জানান জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। নিষিদ্ধের তালিকায় তারেক মনোয়ার ছাড়া আরও দুই বক্তা হলেন আবদুর রাজ্জাক এবং জসিম উদ্দিন।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ওই তিন বক্তা দীর্ঘ বছর ধরে ওয়াজের নামে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে আসছেন। তাদের ওয়াজে ইসলামের আদর্শ ও দেশপ্রেমের চেয়ে উগ্রবাদ প্রকাশ পায়, তাই কুমিল্লায় তাদের ওয়াজ নিষিদ্ধ করা হলো।

তিনি আরও বলেন, কিছু বক্তা মাফফিলে বিভ্রান্তিকর বক্তব্য রাখেন। বিশৃঙ্খলা ছড়াতে উসকানিমূলক কথাবার্তা বলেন। এ ধরনের বক্তাদের মাহফিলে কিছুতেই দাওয়াত দেয়া যাবে না। ইতোমধ্যে আমরা এমন তিনজনের তালিকা করেছি।

এ তিনজনকে কোনো মাহফিলে ওয়াজ করতে দাওয়াত দেয়া যাবে না, অন্ততপক্ষে কুমিল্লায় তো নয়ই। কুমিল্লায় কিছুতেই শান্তি বিনষ্ট হতে দেয়া যাবে না। এ বিষয়ে আমরা বেশ সতর্ক। বিভ্রান্তি ও উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন এমন বক্তাদের চিহ্নিত করে এ তালিকা আরও বড় হবে।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর আরও বলেন, ২০২০ সাল হবে মুজিব বর্ষ। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও সরকারি দফতরগুলো নিজ উদ্যেগে অনুষ্ঠানের আয়োজন করবে।

জেলা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম বলেন, আমাদের দেশের মানুষ সহজ-সরল ও অত্যন্ত ধর্মপ্রাণ। তাদের সরলতার সুযোগ নিয়ে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোনো কোনো বক্তা ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করেন এবং শান্তিময় পরিবেশ নষ্ট করেন।

এসব বক্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই যথাযথ অনুমতি নিয়ে ওয়াজ-মাহফিলের আয়োজন করতে হবে। যেই স্থানে মাহফিল আয়োজন করা হবে সেখানে যেন অবশ্যই সাউন্ড সিস্টেমটি প্যান্ডেলের ভেতরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন ধর্ম অনুরাগী এবং তিনি আলেমদের সম্মান করতেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ধর্মপ্রাণ। তার উদ্যোগে দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মিত হচ্ছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর