মধুমতির আকষ্মিক ভাঙনে পাকা সড়ক নদী গর্ভে

মধুমতি নদীর রাক্ষুসী থাবায় আকস্মিক ভাঙনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজড়া-চরডাঙ্গা যোগাযোগের একমাত্র পাকা সড়কটির শেষ রক্ষা হলো না। অসময়ে মধুমতি নদীর আকস্মিক ভাঙনে ওই এলাকাবাসীর মধ্যে আবার নতুন করে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

গতকাল মঙ্গলবার ভাঙন কবলিত ওই স্থানে গিয়ে দেখা যায়, উপজেলার বাজড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চর আজমপুর এলাকার বাজড়া-চরডাঙ্গা পাকা সড়কের প্রায় দেড়শ’ ফুট কার্পেটিং সড়ক সোমবার রাতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এর আগে রবিবার বিকালে সড়কটিতে আকস্মিক ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে ওই এলাকার বাজড়া,চর আজমপুর,চরডাঙ্গা গ্রামের হাজার হাজার মানুষ উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকে আবার বাধ্য হয়েই সড়কের ওই ভাঙ্গা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। তাই যেকোন মুহুর্তে সড়কের বাকী অংশ নদীবক্ষে আছড়ে পরে পথচারীদের ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা।এ ছাড়া যে কোন মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে সড়কটির পাশেই থাকা বাজড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটিও।

এলাকাবাসী জানায়, পানি উন্নয়ন বোর্ড ওই ভাঙন প্রতিরোধে কয়েক দফায় নদীতে জিও ব্যাগ ফেললেও তাতে কাজের কাজ কিছুই হয়নি।বর্তমানে ওই জিও ব্যাগসহ কার্পেটিং রাস্তার প্রায় দেড়শ’ ফুট নদী গর্ভে বিলীন হয়ে গেছে।রাস্তার বাকী অংশের মাঝেও রয়েছে বিশাল ফাঁটল।কয়েকদিনের মধ্যে সড়কটির ওই স্থানের পাঁচশ ফুট এলাকা সম্পূর্ণ অংশ নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

আশিকুর রহমান আশিক নামের এক পথচারী জানান, ‘গুরুত্বপূর্ণ এই সড়কটি ভেঙে যাওয়ায় অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।সামান্য একটি মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতেও অনেক ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে।’

বাজড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন বার্তা বাজারকে বলেন, ‘বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই শতাধিক।নদীর ভাঙনের কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি।জানি না ভাগ্যে কী আছে।’

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) সন্তোষ কর্মকার বার্তা বাজারকে বলেন, ‘সারাদেশেই নদী ভাঙন আছে, তাই হঠাৎ করে কোনো প্রকল্প নেয়া সম্ভব না। তবে ভাঙন এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা পাউবোর রয়েছে।এ ব্যাপারে হিসাব-নিকাশ করে প্রস্তাবনা পাঠানো হবে।’

ভিডিও আসছে….

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর