বার্তা বাজারে ভিডিও প্রতিবেদন প্রকাশঃ দীর্ঘদিন বন্ধ থাকা ওভারব্রিজের কাজ শুরু (ভিডিও সহ)

ঢাকার সাভারের রেডিও কলোনী। ঢাকা-আরিচা মহাসড়কের এই ব্যস্ততম এলাকায় অনেক মানুষের বসবাস। এছাড়া এখানে রেডিও কলোনীতে একটি বিদ্যালয় এবং আশেপাশে বিভিন্ন কোচিং সেন্টার থাকায়, উপজেলার দূর-দূরান্ত হতে অভিভাবকসহ কোমলমতি শিক্ষার্থীদের আনাগোনা। আর এটাই বাস-স্টপেজ বিধায় এই জায়গা দিয়েই ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়ক পার হতে হয় প্রতিদিন। ইতিপূর্বে এখানে দূর্ঘটনায় প্রানহানির ঘটনা ঘটেছে। মোটকথা খুবই ঝুঁকিপূর্ণ এখানে রাস্তা পারাপার হওয়া।

এসব দিক বিবেচনায় সড়ক ও জনপথ রেডিও কলোনী বাস-স্ট্যান্ডে ওভারব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু কাজ শুরুর আগেই একটি পোশাক কারখানা কর্তৃপক্ষের বাঁধার কারণে এই জায়গায় ওভারব্রিজটি নির্মাণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। তখন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত এখানেই ওভারব্রিজ নির্মাণের দাবী জানায়।

অবশেষে কর্তৃপক্ষ এখানেই ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু করে। কিন্তু নির্মাণ কাজের কিছু অংশ শেষ করে কাজ দীর্ঘদিন বন্ধ থাকে। একই সাথে শুরু হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক (অধুনা জয়বাংলা গেট) গেটের সামনের ওভারব্রিজটির কাজ সম্পন্ন হলেও, রেডিও কলোনীর ব্রিজের কাজ শেষ না হয়ে বন্ধ থাকায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।।

এসংক্রান্ত পথচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে অভিযোগ পেয়ে এবং জনস্বার্থে বার্তা বাজার এর পক্ষ থেকে এই প্রতিবেদকের ‘ সাভারে এক বছরেও শেষ হয়নি ফুট ওভারব্রিজের নির্মাণ কাজ, ঝুঁকিনিয়েপারাপার শিক্ষার্থী ও পথচারীদের‘ শীর্ষক একটি ভিডিও প্রতিবেদন গত ২৩ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে বার্তা বাজার অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সাধারণ পথচারী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ ওভারব্রিজটির কাজ বন্ধ থাকার বিষয়ে বিস্ময় ও উস্মা প্রকাশ করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি নজরে এলে পুনরায় কাজ শুরু হয়।

সরেজমিন রেডিও কলোনী বাস-স্ট্যান্ডে নির্মীয়মান ওভারব্রিজের কাছে গিয়ে দেখা যায়, দ্রুত কাজ এগিয়ে চলছে। একটা দৃশ্যমান অবয়ব ইতোমধ্যে পরিলক্ষিত হচ্ছে। ফলে আশার আলোর সঞ্চার হয়েছে এই জায়গা দিয়ে দৈনন্দিন মহাসড়ক পারাপার করা হাজারও মানুষের।

ভিডিও প্রতিবেদন আসছে..

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর