সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে জাফর আলী (৩৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাফর আলী উল্লাপাড়া উপজেলার আগ মোহনপুর গ্রামের আজিবর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে উল্লাপাড়া উপজেলার আগ মোহনপুর গ্রামের আজিবর রহমানের ছেলে জাফর আলীর সঙ্গে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে হাসি খাতুনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে হাসিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন জাফর আলী।

২০০৭ সালের ৭ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে হাসিকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকারিয়া হোসেন বাদী হয়ে জাফর আলীসহ ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে জাফর আলীকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিচারক এ রায় দেয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর